টুইটারকে ভারতে ৫০ লাখ টাকা জরিমানা

২ জুলাই, ২০২৩ ০৯:৫১  

সরকারি আদেশ না মানায় টুইটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভারতের কর্ণাটক হাইকোর্ট। ২০২১ সালে দিল্লি সীমান্তের কাছে কৃষক আন্দোলনের সময় টুইটারকে কয়েকটি ‘আপত্তিজনক’ টুইট ও টুইটার অ্যাকাউন্ট বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার।  কিন্তু টুইটার সেই নির্দেশ না মেনে কর্ণাটক হাইকোর্টের কাছে আবেদন করে। সেখানে টুইটার দাবি করেছিল, শুধুমাত্র ‘আপত্তিকর’ টুইট করার যুক্তিতে কোন টুইটার ব্যবহারকারীর ব্যক্তি স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করতে পারে না।

গত ২৩ মে এই মামলার শেষ শুনানির পর শুক্রবার আবেদন খারিজ করে দিয়ে উল্টো টুইটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছেন বিচারক কৃষ্ণা দীক্ষিতের ডিভিশন বেঞ্চ।  আদালত জানিয়েছে, মতপ্রকাশ ও ব্যক্তি স্বাধীনতা সংক্রান্ত যে সাংবিধানিক অধিকার একজন ভারতীয় নাগরিক পান, তা একটি বিদেশি কোম্পানি হিসেবে টুইটারের প্রাপ্য নয়।